সংযুক্ত আরব আমিরাতের নতুন এক কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বড় ধরনের বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। এই মধ্যস্থতার ফলে উভয় দেশ থেকে ১০৩ জন করে মোট ২০৬ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দুই দেশের মধ্যে বিনিময় হওয়া বন্দির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭,৯৯৭ জনে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি ছিল দেশটিতে আয়োজিত ২৬তম সফল মধ্যস্থতা। এই সাফল্যের জন্য মন্ত্রণালয় রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সহযোগিতার প্রশংসা করেছে। একইসঙ্গে একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ওপর আস্থা রাখা এবং সংকট নিরসনে দেশটির প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়ার জন্য উভয় পক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই সাফল্য রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন। ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং যুদ্ধবিধ্বস্ত মানুষের মানবিক দুর্ভোগ লাঘবে সংযুক্ত আরব আমিরাত তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশেষ করে শরণার্থী ও বন্দিদের কল্যাণে সব ধরনের আন্তর্জাতিক প্রচেষ্টায় দেশটি সক্রিয় ভূমিকা পালন অব্যাহত রাখবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: গালফ টুডে




























