অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো। ক্যালিফোর্নিয়ার বিগ বেয়ার ভ্যালির বিখ্যাত বল্ড ঈগল শ্যাডোর নতুন সঙ্গীর নাম রাখা হয়েছে ‘কেডি’ (Kaydee)। সাধারণত বিগ বেয়ার ভ্যালি কর্তৃপক্ষ কোনো ঈগল দীর্ঘমেয়াদীভাবে এলাকায় অবস্থান না করা পর্যন্ত তাদের নাম রাখে না, তবে এবার তারা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে। বুধবার, ১৯ আগস্ট ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, ওই ঈগলটি এলাকায় থাকার সিদ্ধান্ত নিক বা না নিক, তাকে ‘কেডি’ নামেই ডাকা হবে।
ঈগলটির পায়ের ব্যান্ডে থাকা ‘KD1’ কোড থেকে এই নামের উৎপত্তি। ১০ আগস্ট শ্যাডোর পুরনো বাসায় প্রথমবার দেখা দেওয়ার পর থেকেই ভক্তরা তাকে কেডি, কেটি বা কেডি নামে ডাকছিলেন। শ্যাডোর দীর্ঘদিনের সঙ্গী জ্যাকি ১৪ বছর বয়সে রহস্যজনক অসুস্থতায় মারা যাওয়ার পর থেকেই ভক্তরা শোকার্ত ছিলেন। ভক্তদের একাংশ মনে করেন, জ্যাকিই শ্যাডোর একাকীত্ব দূর করতে কেডিকে পাঠিয়েছেন।
জ্যাকির মৃত্যুর তিন দিন পর ১৩ আগস্ট শ্যাডো ও কেডিকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যায়। ভক্তরা বিশ্বজুড়ে সরাসরি ক্যামেরায় তাদের ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর দৃশ্য দেখেছেন। কেডিকে বাসার জন্য লাকড়ি সংগ্রহ করতেও দেখা গেছে, যা দেখে অনেকে রসিকতা করে বলছেন, সে যেন বাসা সাজানোর দায়িত্ব নিয়েছে। ১৪ আগস্ট তাদের পুনরায় একটি গাছে প্রায় দুই ঘণ্টা পাশাপাশি বসে থাকতে দেখা যায়।
১৮ আগস্ট তারা একটি প্রিয় গাছে অনেকটা সময় কাটান এবং ১৯ আগস্ট সকালে দুজনেই ভ্যালির দিকে তাকিয়ে ডাকেন। বিকেলের দিকে শ্যাডো একটি গাছে বসার এক মিনিটের মধ্যে কেডি তার পাশে এসে বসে এবং প্রায় তিন ঘণ্টা তারা একসাথে সময় কাটায়। শ্যাডো উড়ে যাওয়ার দুই সেকেন্ড পরই কেডি তাকে অনুসরণ করে। সংস্থাটি উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, “শ্যাডোর এখন একটি শ্যাডো (ছায়া) আছে!” দিনের শেষে তাদের একে অপরের কাছাকাছি বসে ডাকতেও শোনা গেছে, যা মূলত জ্যাকি বা নিজের ছানাদের সাথেই শ্যাডো করে থাকে।
ভক্তরা কেডির উপস্থিতিতে আনন্দিত হলেও জ্যাকির মৃত্যুতে এখনো শোকার্ত। ফ্রেন্ডস অফ বিগ বেয়ার ভ্যালির পক্ষ থেকে বলা হয়েছে, জ্যাকির ক্ষতি মেনে নিতে সময় লাগবে। ভক্তরা জ্যাকির রেখে যাওয়া উত্তরাধিকার এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে, শ্যাডো ও কেডি জুটি বাঁধবে কি না, তা জানতে ডিসেম্বরের শেষ বা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ ক্যালিফোর্নিয়ার ঈগলদের প্রজনন হরমোন ওই সময়েই সক্রিয় হয়। এর আগে শ্যাডো জ্যাকির সাথে আট বছর কাটিয়েছেন। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করছেন, শ্যাডো আবারও নতুন করে সংসার শুরু করবেন, তবে সবটাই এখন সময়ের ওপর নির্ভর করছে।































