ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৪০ জন। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, রাতভর চালানো এই হামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কিছু আবাসিক ভবন ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি শিশু হাসপাতাল এবং একটি স্কুলও রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রাণহানির জন্য পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতিকে দায়ী করেছেন। তিনি জানান, রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেন পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা ক্ষেপণাস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই ঘাটতির কারণেই কিয়েভ ক্রমেই আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।





























