নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন যে, তাড়াহুড়ো করে নয় বরং জাতীয় স্বার্থের ভিত্তিতে আলোচনার মাধ্যমে উপযুক্ত সময়েই ভারত সফর করা হবে। শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ একটি ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায়। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকাটা স্বাভাবিক, তবে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, শুধু ভারত নয়, কোনো দেশের সঙ্গেই জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে সরকার কোনো কাজ করবে না।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, পলাতক শেখ হাসিনাসহ ভারতে থাকা অপরাধীদের ফিরিয়ে আনা বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি ও অনুভূতির সঙ্গে সম্পৃক্ত। ভারত সরকারও বাংলাদেশের মানুষের অনুভূতির বিষয়টি স্বীকার করেছে, বিশেষ করে ৫ আগস্টের পর পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলনটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলে তারা লক্ষ্য করেছে। এটি একটি ভালো সূচনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েই ভারতের সঙ্গে সম্পৃক্ত হতে চায় বাংলাদেশ।
তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অপরাধীদের ফিরিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া। প্রধানমন্ত্রী পর্যায়ের সফরের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, এটি কেবল খেলার বিষয় নয়, এর জন্য প্রয়োজনীয় আলোচনা ও ভিত্তি তৈরি করতে হয়। ভারতের পক্ষ থেকে ইতিবাচক সদিচ্ছার ইঙ্গিত পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছাতে পারলে আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহেও সফর হতে পারে, তবে এ বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই।

























