ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। নিজের পরিচয় ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট খোলা এবং তার নাম ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার অভিযোগ তুলে এই মামলা করেছেন তিনি।
মামলাটির শুনানির পর দিল্লি হাইকোর্ট অনলাইনে ছড়িয়ে থাকা প্রায় ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাহ্নবী তার আবেদনে প্রায় সাত হাজার লিংকের বিষয়টি উল্লেখ করেছিলেন, যার মধ্যে আদালত প্রাথমিকভাবে ৫৫২টি লিংক অবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এসব আপত্তিকর কনটেন্ট দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
আদালত পর্যবেক্ষণে জানিয়েছেন, কোনো তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজকে স্বয়ংক্রিয়ভাবে বেআইনি বলা যায় না। আদালত উল্লেখ করেন, ফ্যান পেজগুলোতে তারকার ছবি, ভিডিও, চলচ্চিত্রসংক্রান্ত তথ্য, প্রশংসা কিংবা গঠনমূলক সমালোচনা থাকতে পারে। শুধুমাত্র তারকার নাম বা ছবি ব্যবহারের কারণে সব ফ্যান ক্লাব বন্ধ করে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তবে কোনো পেজে অশালীন কনটেন্ট প্রচার করা হলে কিংবা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে।
উল্লেখ্য, জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশনধর্মী সিনেমা ‘পেড্ডি’-তে দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমায় তিনি রাম চরণ ও শিবরাজ কুমারের সঙ্গে অভিনয় করেছেন।






























