গিনির রাজধানী কনাক্রির দার-এস-সালাম এলাকায় বর্জ্যের একটি বিশাল স্তূপ ধসে পড়ার ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রাত ২টার দিকে ভারী বৃষ্টির পর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন, যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই দুর্ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। উদ্ধারকাজে গতি আনতে সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও জনবল মোতায়েন করেছে। উদ্ধারকর্মীরা এক্সকাভেটর ব্যবহার করে বর্জ্যের স্তূপের নিচে তল্লাশি চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলের আশেপাশে ভিড় করেছেন।
গিনির প্রধানমন্ত্রী মামাদৌ ওউরি বাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধার কার্যক্রমের তদারকি করছেন। এর আগে স্থানীয় এলাকাটির নেতা লানসিন সিল্লা এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন যে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করেছি যা মর্গে পাঠানো হয়েছে। এক নারী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন যে, এই বিপর্যয়ে তার পাঁচ সন্তান মারা গেছে।
উল্লেখ্য, এর আগেও ২০১৭ সালে একই এলাকায় বর্জ্যের স্তূপ ধসে ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।































