২০২৬ সালের ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পর্দা নামবে আবুধাবিতে। আগামী ৩ থেকে ৬ ডিসেম্বর ইয়াস মারিনা সার্কিটে অনুষ্ঠিত হবে ফর্মুলা ওয়ান ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবি গ্র্যান্ড প্রিক্স। আয়োজকরা নিশ্চিত করেছেন যে, নির্ধারিত সূচি মেনেই এই মেগা ইভেন্টটি সম্পন্ন হবে।
ফর্মুলা ওয়ান-এর প্রেসিডেন্ট ও সিইও স্টেফানো ডোমেনিকালি জানিয়েছেন, মৌসুমের এই চূড়ান্ত পর্বটি আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে চলছে। চ্যাম্পিয়নশিপের ক্যালেন্ডার অনুযায়ী টুর্নামেন্ট সম্পন্ন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আবুধাবি এই ফাইনাল রাউন্ডটি আয়োজনের জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি করছে, যেখানে রেসের পাশাপাশি দর্শকদের জন্য থাকবে নানা আয়োজন ও অভিজ্ঞতা।
আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের আন্ডার-সেক্রেটারি সাউদ আব্দুল আজিজ আল হোসানি জানান, ২০০৯ সাল থেকে ফর্মুলা ওয়ান আয়োজন করে আসছে আবুধাবি। এটি বিশ্বমঞ্চে আমিরাতের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে এবং বড় ধরনের আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনে তাদের সক্ষমতার প্রমাণ দেয়। এই গ্র্যান্ড প্রিক্স আবুধাবিকে একটি বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার পাশাপাশি আতিথেয়তা ও ইভেন্ট খাতকে ব্যাপকভাবে সহায়তা করছে, যা সারা বিশ্বের দর্শকদের আকৃষ্ট করে।
ইথারা-এর সিইও সাইফ রশিদ আল নোয়াইমি জানান, রেস আয়োজনের প্রস্তুতি সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ এবং আমিরাতের বিভিন্ন অংশীদারদের সাথে সমন্বয়ের মাধ্যমে ড্রাইভার, টিম এবং দর্শকদের জন্য একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা উপহার দিতে তারা বদ্ধপরিকর। ইয়াস আইল্যান্ড জুড়ে কনসার্ট, বিনোদনমূলক অনুষ্ঠান এবং আতিথেয়তার সমন্বয়ে এই গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা ওয়ান ক্যালেন্ডারের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের স্বাগত জানাতে প্রস্তুত আবুধাবি, যেখানে খেলাধুলা, বিনোদন ও পর্যটন একীভূত হয়ে একটি অনন্য অভিজ্ঞতা তৈরি করবে।
সূত্র: গালফ টুডে






























