বৈরী আবহাওয়ার কবলে পড়ে উত্তাল বঙ্গোপসাগরে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। সোমবার বিকেলে পটুয়াখালীর মহিপুর থেকে ৫০ কিলোমিটার পূর্ব দিকে গভীর সমুদ্রে মাছ শিকারের সময় এই দুর্ঘটনাটি ঘটে। ট্রলারটিতে থাকা ১৪ জন জেলেই নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলারটি পাথরঘাটার আশরাফ কোম্পানির মালিকানাধীন। মাছ শিকারের উদ্দেশ্যে তিনদিন আগে পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে রওনা হয়েছিল ট্রলারটি।
দুর্ঘটনার সময় প্রচণ্ড ঢেউয়ের কারণে পার্শ্ববর্তী ট্রলারে থাকা জেলেরা ‘এফবি বরকত’কে ডুবে যেতে দেখলেও প্রতিকূল পরিস্থিতির কারণে তাদের উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে পাথরঘাটার আরেকটি ট্রলারের জেলেরা নেটওয়ার্কের আওতায় এসে মোবাইল ফোনে ট্রলার মালিক সমিতিকে বিষয়টি অবহিত করেন। নিখোঁজ ১৪ জেলেকে উদ্ধারের জন্য সমিতির পক্ষ থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীর কাছে সহায়তা চাওয়া হয়েছে।



























