সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের তিননান্দিনা এলাকায় ফুলজোড় নদীর ওপর আজও কোনো স্থায়ী সেতু নির্মিত হয়নি। ফলে তিননান্দিনা, আলমপুর, চর ফরিদপুর ও দাতপুরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এখন ঝুঁকি পূর্ণ খেয়া নৌকা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে; খেয়াঘাটে নৌকার অপেক্ষায় দীর্ঘ সময় কাটানোয় তাদের নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে দেরি হয়ে যায়।
তিননান্দিনা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক মাস্টার জানান, বর্ষাকালে নদীতে পানি ও স্রোত বেড়ে গেলে পারাপার অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। ঝড়-বৃষ্টি বা বৈরী আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে দুই পাড়ের মানুষকে যাতায়াত করতে হয়। সেতু না থাকায় কৃষিপণ্য পরিবহন, জরুরি চিকিৎসাসেবা গ্রহণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মো. ফজলুল রহমান তালুকদার জানান, ওই স্থানে ২৪০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের জন্য সিআইবিআর প্রজেক্টের আওতায় প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই সেতুটি অনুমোদিত ও নির্মিত হলে এলাকাটির যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ































