উত্তর ফ্রান্সের ক্যান শহরে বুধবার গভীর রাতে এক চালক ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে একদল পথচারীকে চাপা দিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় অন্তত একজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ক্যানের মেয়র অ্যারিস্টিড অলিভিয়ের স্থানীয় রেডিও আইসিআই নরম্যান্ডিকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে মনে করা হচ্ছে। বরং এটি একটি ঝগড়ার জেরে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্যালভাদোস প্রিফেক্ট ডেভিড ক্লাভিয়ের জানিয়েছেন, আহত ১০ জনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানান, রেল স্টেশনের বিপরীতে রাস্তায় থাকা পথচারীদের ওপর গাড়িটি ইচ্ছাকৃতভাবে তুলে দেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। প্রিফেক্ট ক্লাভিয়েরের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ওই ব্যক্তি রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন। যদিও কিছু গণমাধ্যমের প্রতিবেদনে নিহতের সংখ্যা বেড়ে দুইজন হওয়ার কথা বলা হয়েছে, তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই তথ্যের আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।






























