কিশোরগঞ্জের ভৈরবে মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি রিংজাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব পৌর শহরের পঞ্চবটী-ঘোড়াকান্দা এলাকায় হাজী আবুল হাসেমের বাড়িতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে এসব জাল উদ্ধার করা হয়। অভিযানে মোট ২২ বস্তা জাল পাওয়া যায়, যার মধ্যে ৪৪০ পিস জাল ছিল। উদ্ধারকৃত এই জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে জাল ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে টুটুল দাস (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভৈরব বাজারের এস কে টাওয়ারে অবস্থিত মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রানার অধীনে কর্মরত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা ২২ বস্তা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। নিষিদ্ধ রিংজাল মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে এবং বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষায় চায়না দুয়ারি, রিংজাল ও কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জাল মজুদ, বিক্রি কিংবা ব্যবহারের বিরুদ্ধে মৎস্য অফিসের নজরদারি ও অভিযান চলমান থাকবে। অভিযানে উপজেলা মৎস্য অফিস, ভূমি অফিসের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সূত্র: ডেইলি বাংলাদেশ






























