ইতালিয়ান ক্লাব রোমা তাদের ফরোয়ার্ড রবিনহো ভাজকে ইংলিশ ক্লাব হাল সিটির কাছে ধারে পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। চলতি মৌসুমের জন্য হওয়া এই চুক্তিতে মৌসুম শেষে তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগ থাকছে, যেখানে মোট ট্রান্সফার ফি হতে পারে ৩২ মিলিয়ন ইউরো।
মাত্র সাত মাস আগেই ২২ মিলিয়ন ইউরোতে অলিম্পিক মার্শেই থেকে রোমায় যোগ দিয়েছিলেন এই ফরাসি ফরোয়ার্ড। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে নেওয়া হয়েছিল বড় বিনিয়োগ হিসেবে। তবে রোমার কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনির অধীনে দলের নিয়মিত একাদশে জায়গা করে নিতে তাকে বেশ বেগ পেতে হয়েছে।
রোমার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ভাজ। এই সময়ে তিনি গোল করেছেন মাত্র একটি এবং সতীর্থের গোলে সহায়তা করেছেন দুটি। স্তাদিও অলিম্পিকোতে কাটানো সময়ে তিনি একবারও শুরুর একাদশে সুযোগ পাননি এবং সব মিলিয়ে মাঠে কাটিয়েছেন ৩১৩ মিনিট।
হাল সিটির সাথে হওয়া এই চুক্তির আওতায় ক্লাবটি ভাজকে পেতে ২ মিলিয়ন ইউরো ফি দিচ্ছে। মৌসুম শেষে তাকে স্থায়ীভাবে দলে নিতে চাইলে আরও ৩০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। মাত্র ১৯ বছর বয়সী এই তরুণ ফরাসি প্রতিভা গত মৌসুমে অলিম্পিক মার্শেইয়ের হয়ে লিগ ওয়ানে ১৪ ম্যাচে চারটি গোল এবং দুটি অ্যাসিস্ট করে নজর কেড়েছিলেন।




























