ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে ওঠার পর টেনিসের ঠাসা সূচি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কার্লোস আলকারাজ। স্প্যানিশ এই তারকা মনে করেন, বর্তমানের "অসম্ভব" সূচি খেলোয়াড়দের ইনজুরির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। কবজির চোটের কারণে চার মাস কোর্টের বাইরে থাকার পর সম্প্রতি খেলায় ফেরা আলকারাজ জানান, ভবিষ্যতে তিনি সূচি থেকে নিয়মিত লম্বা বিরতি নেওয়ার পরিকল্পনা করছেন।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে পর্তুগালের জাইমে ফারিয়াকে ৪-৬, ৬-০, ৬-৩, ও ৬-২ সেটে হারিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজ। ৭২তম স্থানে থাকা ফারিয়ার বিপক্ষে ২ ঘণ্টা ৪০ মিনিটের এই লড়াইয়ে শুরুতে কিছুটা ধুঁকতে হয়েছিল সাতবারের এই গ্র্যান্ড স্লাম বিজয়ীকে। প্রথম সেটে ৪-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার দারুণ এক ব্রেক পয়েন্টের সুযোগ হাতছাড়া করেন আলকারাজ। এরপর ফারিয়া ঘুরে দাঁড়িয়ে ৩-৩ সমতা আনেন এবং পরের গেমে আলকারাজকে ব্রেক করে ৪-৩ ব্যবধানে এগিয়ে গিয়ে প্রথম সেটটি ৬-৪ ব্যবধানে জিতে নেন।
প্রথম সেটের এই বিপর্যয় নিয়ে আলকারাজ বলেন, ম্যাচটি তার জন্য কঠিন ছিল। প্রথম সেটে ভালো অনুভূতি থাকলেও ব্রেক পয়েন্ট হাতছাড়া করার পর তিনি তাড়াহুড়ো করে ফেলেন। তিনি সময় নেননি এবং ধৈর্যশীল ছিলেন না, যার খেসারত তাকে দিতে হয়েছে।
তবে দ্বিতীয় সেট থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন আলকারাজ। ২৩ বছর বয়সী ফারিয়ার সার্ভিস ভেঙে একে একে তিনটি ব্রেক পয়েন্ট আদায় করে নিয়ে ৬-০ ব্যবধানে সেটটি নিজের করে নেন তিনি। আলকারাজের এই আধিপত্য বজায় থাকে তৃতীয় সেটেও, যেখানে তিনি শুরুতেই ব্রেক করে ২-০ তে এগিয়ে যান। ফারিয়া একবার ব্রেক করে ব্যবধান ২-১ করলেও পরের গেমেই আবার ব্রেক খেয়ে ৩-১ এ পিছিয়ে পড়েন। শেষ পর্যন্ত এই সেটটি আলকারাজ ৬-৩ ব্যবধানে জিতেন। চতুর্থ সেটে ডাবল ব্রেক নিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে যান স্প্যানিশ তারকা এবং সহজেই জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে আলকারাজ টেনিসের বর্তমান সূচি নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, চোটের কারণে তিনি এই চার মাসের বিরতি চাননি, তবে ভবিষ্যতে তিনি ইচ্ছে করেই কিছু দীর্ঘ বিরতি নেবেন। হয়তো চার মাস নয়, তবে এক বা দুই মাস কিছু টুর্নামেন্ট বাদ দেবেন, কারণ সব টুর্নামেন্ট খেলা অসম্ভব।
আলকারাজ আরও যোগ করেন, টেনিস কর্তৃপক্ষ আরও বেশি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট যুক্ত করছে, যা খেলোয়াড়দের খেলতে বাধ্য করছে। খেলোয়াড়দের পক্ষে 'না' বলা সম্ভব হচ্ছে না। এর ফলে অনেক খেলোয়াড় ইনজুরিতে পড়ছেন এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন। যদি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তবে ভবিষ্যতে ইনজুরির ঘটনা আরও বাড়বে বলে সতর্ক করেছেন তিনি।





























