বাংলাদেশ রেলওয়ের শীর্ষ পর্যায়ের তিনটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক পদে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব কামরুল হাসান ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
নতুন দায়িত্ব অনুযায়ী, চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীনকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে, বর্তমানে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) পদে কর্মরত মামুনুল ইসলামকে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।




























