দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দল ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে অফ-ফর্মে থাকা সত্ত্বেও দলে নিজের জায়গা ধরে রেখেছেন তিন নম্বর পজিশনের ব্যাটার মার্নাস লাবুশেন। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর আগামী ৯ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। ২০১৮ সালের সেই বিতর্কিত বল-টেম্পারিং কেলেঙ্কারির পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে অজিরা।
২০১৮ সালের সেই কুখ্যাত সফরের স্কোয়াড থেকে বর্তমান দলে মাত্র পাঁচজন ক্রিকেটার টিকে আছেন। তারা হলেন—প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্টিভ স্মিথ এবং ম্যাট রেনশ। সে সময় ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফট নিষিদ্ধ হওয়ার পর রেনশকে জরুরি ভিত্তিতে শেষ মুহূর্তে দলে যুক্ত করা হয়েছিল।
ডারউইনে বাংলাদেশের বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়া দলে বড় ধরনের পরিবর্তনের গুঞ্জন উঠেছিল। বিশেষ করে লাবুশেনের বাদ পড়া নিয়ে জোর আলোচনা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে ওয়ানডে দল থেকে বাদ দিলেও টেস্ট দলে আস্থা রেখেছে। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে মাত্র ১, ৩১ ও ৪ রান করা লাবুশেন শেষবার টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন তিন বছর আগে ম্যানচেস্টারে।
বড় ধরনের রদবদল না করলেও ক্রিকেট অস্ট্রেলিয়া দলে যুক্ত করেছে তরুণ প্রতিভা কুপার কনোলিকে। গত বছর শ্রীলঙ্কায় টেস্ট অভিষেক হওয়া কনোলি এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন। এছাড়া দলে ফিরেছেন স্পিনার ম্যাথু কুহনেমান ও পেসার মাইকেল নেসার।
ট্র্যাভিস হেডের উদ্বোধনী সঙ্গী হিসেবে ম্যাট রেনশকেও দলে ধরে রাখা হয়েছে। ডারউইনে বাংলাদেশের কাছে হারের পর জ্যাক ওয়েদারাল্ডের জায়গায় দলে এসেছিলেন তিনি। গত শেফিল্ড শিল্ডের মৌসুমে ১০ ইনিংসে তিন সেঞ্চুরি হাঁকিয়ে সেরা ওপেনার নির্বাচিত হওয়ার পুরস্কার হিসেবে ম্যাকাই টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। যদিও ম্যাকাই টেস্টের একমাত্র ইনিংসে মাত্র ৮ রানে আউট হন, তবুও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তার ওপর আস্থা রেখেছে নির্বাচকরা।
সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ৯ অক্টোবর ডারবানের কিংসমিডে। এরপর ১৮ অক্টোবর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে জিকেবেরহার সেন্ট জর্জ পার্কে। আর আগামী ২৭ অক্টোবর কেপ টাউনের নিউল্যান্ডসে শেষ টেস্টের মধ্য দিয়ে সিরিজটি শেষ হবে।
প্যাট কামিন্স (অধিনায়ক)স্কট বোল্যান্ডঅ্যালেক্স ক্যারিকুপার কনোলিক্যামেরন গ্রিনজশ হ্যাজলউডট্র্যাভিস হেডজশ ইংলিশম্যাথু কুহনেমানমার্নাস লাবুশেননাথান লায়নমাইকেল নেসারম্যাট রেনশস্টিভ স্মিথমিচেল স্টার্কবিউ ওয়েবস্টার





























