অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর সাথে বাণিজ্য নিষিদ্ধ করার লক্ষ্যে যুক্তরাজ্য ও অন্য ১১টি দেশের যৌথ সিদ্ধান্তের পর লন্ডন ও তেল আবিবের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ব্রিটিশ সরকারের এই নীতিগত পরিবর্তনের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে যুক্তরাজ্য ও ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে নিম্নপর্যায়ে গিয়ে ঠেকেছে।
যুক্তরাজ্যের এই আকস্মিক ও নাটকীয় পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। তবে কেবল যুক্তরাজ্য একাই নয়, ফ্রান্স, স্পেন ও কানাডাসহ মোট ১২টি দেশ একযোগে এই সিদ্ধান্ত নেওয়ায় ইসরায়েলের ক্ষোভ ও অসন্তোষ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। লন্ডনের কর্মকর্তারা জানতেন যে এই সিদ্ধান্তের ফলে তেল আবিবের কাছ থেকে বৈরী প্রতিক্রিয়া আসবে, তবে ইসরায়েলি প্রতিক্রিয়ার গতি ও তীব্রতা তাদের কিছুটা বিস্মিত করেছে।
যদিও বসতিগুলোতে উৎপাদিত পণ্য ইসরায়েলের সামগ্রিক রপ্তানির খুব বড় অংশ নয়, তবে রাজনৈতিকভাবে এই প্রতীকী বয়কট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ বলে আসলেও, সেখানে উৎপাদিত পণ্য বা সেবা নিষিদ্ধ করা থেকে বিরত ছিল। তবে ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে ইসরায়েলি সামরিক উপস্থিতি ও সামগ্রিক দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করার পর ব্রিটিশ নীতিতে এই আমূল পরিবর্তন এলো।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড স্পষ্ট জানিয়েছেন যে, সরকারের অর্থনৈতিক নীতিতে আইসিজে-র এই রায়ের প্রতিফলন থাকা উচিত।
নতুন এই নিষেধাজ্ঞার আওতায় কেবল বসতিগুলোতে উৎপাদিত পণ্যই নয়, বরং সেখানে নির্মাণ, অবকাঠামো বা অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে দখলদারিত্বে সরাসরি ভূমিকা রাখে এমন অস্ত্র বিক্রির ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা অনেকের প্রত্যাশার চেয়েও অনেক বেশি কঠোর। তবে কেবল ব্যবস্থার কঠোরতাই নয়, পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ডের ব্যক্তিগত ও আবেগপূর্ণ বক্তব্যও সবাইকে চমকে দিয়েছে।
নিজেকে একজন "গর্বিত ব্রিটিশ ইহুদি" এবং "ইসরায়েল রাষ্ট্রের প্রতি অবিচল সমর্থক" হিসেবে বর্ণনা করে মিলিব্যান্ড তার পূর্বসূরিদের চেয়ে অনেক বেশি কড়া ভাষায় কথা বলেছেন। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, পশ্চিম তীরের কিছু অংশে "বসতি স্থাপনকারীদের সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে" এবং তারা ফিলিস্তিনিদের "জাতিগত নিধনের" জন্য দায়ী।
একই সাথে ইসরায়েলি সরকার এই বিষয়টিতে "চোখ বন্ধ করে রেখেছে" বলেও মন্তব্য করেন তিনি। মিলিব্যান্ড এই পদক্ষেপকে ব্রিটিশ নীতির একটি "রিসেট" বা নতুন করে সাজানো হিসেবে অভিহিত করেছেন, যা মূলত কয়েক দশকের মধ্যে দুই দেশের সম্পর্ককে সবচেয়ে দুর্বল অবস্থানে নিয়ে গেছে।
ইসরায়েলের আসন্ন নির্বাচনের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এই সিদ্ধান্তের অত্যন্ত কঠোর সমালোচনা করেছেন। অনেক ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারীদের সহিংস আদর্শকে সমস্যাযুক্ত এবং জাতীয় লজ্জার কারণ মনে করলেও, ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে দখল করা জমিতে গড়ে ওঠা বসতিগুলোকে তারা অবৈধ মনে করেন না।
বেশিরভাগ ইসরায়েলি দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সাথেও তীব্র দ্বিমত পোষণ করবেন, যিনি গত বছর বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে একঘরে রাষ্ট্রে পরিণত করার অভিযোগ এনেছিলেন।
তবে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক নিন্দা ও সমালোচনা, ইউরোভিশন বা ক্রীড়া ইভেন্টে প্রতিবাদ, নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা এবং এখন বসতি পণ্যের ওপর নিষেধাজ্ঞার কারণে ইসরায়েলিদের মধ্যে এক ধরনের উদ্বেগ ও রক্ষণাত্মক মনোভাব তৈরি হচ্ছে।
অন্য দিকে, ফিলিস্তিনিদের জন্য এই সিদ্ধান্ত একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে ইসরায়েলের "অবৈধ বসতি স্থাপন প্রক্রিয়া" বন্ধে আরও জরুরি ও সুনির্দিষ্ট পদক্ষেপের আহ্বান জানিয়েছে। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ড. হুসাম জমলত সরকারের এই সিদ্ধান্তকে "যুক্তরাজ্য-ফিলিস্তিন সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট" বা মোড় পরিবর্তনের মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, যুক্তরাজ্যের এই সাহসী পদক্ষেপ ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করবে।
তবে ফিলিস্তিনি রাষ্ট্রদূত নিজেও জানেন যে, প্রায় ৫৯ বছর ধরে চলা ইসরায়েলি দখলদারিত্বের বাস্তবতায় এখনো বড় কোনো পরিবর্তন আসেনি। পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমাগত দখলদারিত্ব রুখে দেওয়ার ক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই রয়েছে। অতীতে ১৯৯১ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এবং তার পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার ইসরায়েলি প্রধানমন্ত্রী ইতজাক শামিরের বসতি নির্মাণ বন্ধের প্রতিশ্রুতি না দেওয়ায় ১০ বিলিয়ন ডলারের ঋণ গ্যারান্টি আটকে দেওয়ার হুমকি দিয়েছিলেন।
কিন্তু বর্তমান মার্কিন রাজনৈতিক প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহুর বসতি সম্প্রসারণ পরিকল্পনায় বাধা দেওয়ার কোনো আগ্রহ দেখাননি। উপরন্তু, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি একজন কট্টর খ্রিস্টান জায়নবাদী, যিনি বিশ্বাস করেন যে পশ্চিম তীর ঈশ্বর কর্তৃক ইহুদিদের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ভূমি। ফলে যুক্তরাজ্যের এই পদক্ষেপ কেবল ইসরায়েল নয়, বরং ওয়াশিংটনে তাদের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের অবস্থানের মুখোমুখি দাঁড় করিয়েছে।




























