ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়। সেখান থেকে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার পর চিকিৎসকরা তার শরীরে বিষক্রিয়ার আশঙ্কা করেন এবং সে অনুযায়ী তার পাকস্থলী ওয়াশ (পরিষ্কার) করেন।
ভর্তির পর তার শারীরিক অবস্থার ক্রমান্বয়ে অবনতি হতে থাকে। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, চিকিৎসকরা মনে করেছেন তাকে আইসিইউতে নেওয়া দরকার। মঙ্গলবার বিকেল থেকেই তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। এ কারণেই চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।
বর্তমানে হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না বলেন, 'মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি।'




























