কাজাখস্তানের রাজধানী আস্তানায় অবস্থিত রাষ্ট্রপতির বাসভবন ‘আকর্দা’ দখলের কথিত ষড়যন্ত্রের অভিযোগে পাঁচজন রাজনৈতিক অ্যাক্টিভিস্টকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মানবাধিকার সংস্থাগুলো এই রায়ের তীব্র সমালোচনা করেছে এবং একে বিরোধী কণ্ঠস্বর দমনের সরকারি কৌশল হিসেবে অভিহিত করেছে।
গত ৮ সেপ্টেম্বর আলমাতির একটি আদালতে এই রায় ঘোষণা করা হয়। আদালত ৫৬ থেকে ৬২ বছর বয়সী এই পাঁচ অভিযুক্তকে ৫ থেকে সাড়ে ৫ বছরের কারাদণ্ড দেন। তাঁদের বিরুদ্ধে সহিংস উপায়ে ক্ষমতা দখল, কর্তৃপক্ষের বিরুদ্ধে গণবিক্ষোভের উসকানি এবং রাষ্ট্রপতির বাসভবন ‘আকর্দা’ দখলের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে কায়সার ওজবেক এবং তালগাত আশিরভ নামের দুজনের বিরুদ্ধে অবৈধভাবে বিস্ফোরক সংগ্রহ ও মজুত রাখার অতিরিক্ত অভিযোগও প্রমাণিত হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি প্রথমে প্রত্যেকের জন্য ৮ বছরের কারাদণ্ড দাবি করেছিলেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিচার প্রক্রিয়া শুরু হলে অভিযুক্ত পাঁচজনই নিজেদের নির্দোষ দাবি করেন। তাঁদের আইনজীবীরা জানান, তাঁদের মক্কেলরা সাধারণ মানুষ এবং তাঁদের অপরাধ করতে বাধ্য করা হয়েছে। আদালতের রুদ্ধদ্বার শুনানি নিয়ে প্রশ্ন তুলে এক আইনজীবী বলেন, “আদালত কোনো স্বচ্ছতা চায়না। তারা কোনো হট্টগোল ছাড়াই দ্রুত সবাইকে স্তব্ধ করে দিতে চায়।”
মানবাধিকার কর্মীদের দাবি, এই বিচার কাজাখ সরকারের ভিন্নমত দমনের একটি চলমান কৌশলের অংশ। ‘কাজাখস্তান ইন্টারন্যাশনাল ব্যুরো অব হিউম্যান রাইটস অ্যান্ড রুল অব ল’ দেশটির বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে, ২০২৪ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১৭ জন অ্যাক্টিভিস্টকে একই ধরনের অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই ধরনের মামলার মধ্যে সবচেয়ে আলোচিত হলো ২০২২ সালের ‘ট্রাক্টর মামলা’। সেখানে অভিযোগ করা হয়েছিল, সাতজন অ্যাক্টিভিস্ট রাষ্ট্রপতির বাসভবন আকর্দায় ট্রাক্টর চালিয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন। এছাড়া গত বছর ২০২৪ সালের পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের গণভোট কেন্দ্র করে গণবিক্ষোভের চেষ্টার অভিযোগে পাঁচ অ্যাক্টিভিস্টকে চার বছরের জন্য অবরুদ্ধ বা সীমিত স্বাধীনতার দণ্ড দেওয়া হয়।
তিনটি মামলাতেই মক্কেলদের পক্ষে লড়া আইনজীবী ঝানারা বালগাবেভা প্ররোচনার মাধ্যমে তথ্যপ্রমাণ সংগ্রহের সমালোচনা করেছেন। তিনি বলেন, “ট্রাক্টর মামলার সময় আমরা বলেছিলাম, প্ররোচনার মাধ্যমে পাওয়া কোনো প্রমাণ গ্রহণযোগ্য নয়। এখন আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি।”



























