রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সম্পন্ন করতে বর্তমানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বুধবার বিকেলে গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এই অগ্রগতির কথা জানান। বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন দুই দেশের মধ্যে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেন, মস্কোতে আয়োজিত এই ফোরামে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিটুবি সেশনসহ বিভিন্ন কার্যক্রম থাকবে।
এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বাণিজ্য বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, সিরামিক এবং মানবসম্পদ রপ্তানির মতো নতুন ও সম্ভাবনাময় খাতের ওপর গুরুত্বারোপ করেন। জবাবে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়টি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যালোচনা করছে। একই সঙ্গে রাশিয়ার তীব্র শীতের উপযোগী ভারী জুতা ও চামড়াজাত পণ্যের চাহিদার কথাও তিনি তুলে ধরেন।
এছাড়া কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ শিল্প ও সেবা খাতে কাজের সুযোগ তৈরি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে বলে জানান রাষ্ট্রদূত। বৈঠক শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।





























