দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ঢাকায় আয়োজন করতে যাচ্ছে বাটেক্সপো ২০২৬। আগামী ১৮ ও ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই দুই দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এই আয়োজনকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে অনলাইন গণমাধ্যমে এই আয়োজনের প্রচার-প্রচারণা বাড়ানোর আহ্বান জানান তিনি। এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ব্র্যান্ডিং কান্ট্রি’। প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক খাতের অবস্থান সুদৃঢ় করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের প্রদর্শনীতে গ্লোবাল অ্যাপারেল এক্সপো, গ্লোবাল অ্যাপারেল সামিট, এআই ও ইনোভেশন হাব এবং সাসটেইনেবিলিটি ও সার্কুলারিটি এক্সপোজিশন অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া জিআইজেড-এর উদ্যোগে টেকসই নেতৃত্ব পুরস্কার এবং ফ্যাশন রানওয়ের আয়োজনও থাকছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানি, বৈশ্বিক ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পণ্যের বৈচিত্র্যকরণ, জ্বালানি নিরাপত্তা, এলডিসি থেকে উত্তরণ এবং পরবর্তী প্রস্তুতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যবসা সহজীকরণ, কাস্টমস ও ব্যাংকিং খাতের জটিলতা নিরসন এবং অন্যান্য নীতিগত সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
অন্যদিকে, বিজিএমইএ এবং এইচএসবিসি বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী ২৮ ও ২৯ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো হংকং ২০২৬’। এছাড়া জাপানের বাজারের সম্ভাবনা কাজে লাগাতে বিজিএমইএ কার্যালয়ে একটি বিশেষায়িত ‘বিজিএমইএ-জাপান ডেস্ক’ চালু করা হয়েছে, যা আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।































