চার সন্তানকে নিয়ে আন্তর্জাতিক ফ্লাইটে ওঠার সময় আমি বেশ মানসিক চাপের মধ্যে ছিলাম। আমার মনে হচ্ছিল, বিমানের অন্য যাত্রীরা হয়তো ভাবছেন, 'হায় ঈশ্বর, এদের পাশে যেন আমাদের সিট না পড়ে!' সত্যি বলতে, ভ্রমণের আগের কয়েকটা সপ্তাহ আমার জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ইউরোপ থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসী হওয়ার সময় আমার স্বামী আগেই চলে গিয়েছিলেন নতুন আবাসস্থলের ব্যবস্থা করতে। এর সাত সপ্তাহ পর আমি আমার সাত বছরের কম বয়সী চার সন্তানকে নিয়ে রওনা হই।
প্লেনে ওঠার সময় আমি জানালার সারিতে এবং মাঝের সারিতে আসন বুক করেছিলাম, যাতে সব সন্তানকে জানালার দিকে রেখে মাঝের সারিতে বসে আমি তাদের ওপর নজর রাখতে পারি। কিন্তু বিমানে ওঠার পর নিরাপত্তার খাতিরে ফ্লাইট অ্যাটেনডেন্ট জানালেন, এভাবে বসা যাবে না। আমাদের জায়গা বদলাতে হলো। শেষ পর্যন্ত আমার পাঁচ বছর বয়সী ছেলেকে প্রায় ২৪ ঘণ্টার দীর্ঘ এই ভ্রমণের দুই ধাপের একটিতে মাঝের সারিতে একাই বসতে হলো।
আমার ছেলের পাশের আসনে ছিলেন এক ভদ্রলোক। ছোট শিশুর পাশে বসতে গিয়ে যে বিরক্তি তার হওয়ার কথা ছিল, তা তিনি প্রকাশ করেননি। তার এই আচরণ আমার জন্য ছিল বড় স্বস্তির। তবে তার দয়া শুধু এখানেই শেষ হয়নি। কেবিনের বাতি নিভিয়ে দেওয়ার পর আমি ও আমার অন্য তিন সন্তান যখন ঘুমিয়ে পড়ি, তখন এক পর্যায়ে আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি, আমার পাঁচ বছর বয়সী ছেলেটিও ঘুমিয়ে পড়েছে। পাশের সেই ভদ্রলোক তখন অত্যন্ত যত্নসহকারে আমার ছেলের গায়ে কম্বলটি টেনে দিচ্ছিলেন। এটি ছিল মমতা ও সহানুভূতির এক সুন্দর মুহূর্ত।
আমার মনে হয় না সেই ভদ্রলোক জানতেন যে আমি তাকে এমনটা করতে দেখছি। আমরা নিরাপদে গন্তব্যে পৌঁছালাম এবং তার সঙ্গে আমার আর কখনো দেখা হয়নি। কিন্তু তার সেই উদারতা আজও আমার কাছে জাদুর মতো মনে হয়, যদিও ঘটনার প্রায় ২০ বছর পার হয়ে গেছে।





























