ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত একজন নারী নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে অবস্থিত প্রীতি গ্রুপের কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ঘটনার খবর পেয়ে ডিইপিজেড, কালিয়াকৈর ও জিরাবোসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অগ্নিকাণ্ডের সময় কারখানার সামনে সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যান ছিল। সেখান থেকে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ ঘটতে থাকলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে কারখানার পাশের একটি কাপড়ের দোকানে আছড়ে পড়ে। এতে জয়নাব বেগম নামের এক পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত ও আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কার্যক্রম শেষ হলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।































