আতালান্তার বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করার পর নিজেদের রক্ষণভাগের বাজে পারফরম্যান্সে চরম হতাশা প্রকাশ করেছেন ফিওরেন্তিনা কোচ পাওলো ভানোলি। টানা তিন ম্যাচ হেরে সংকটে পড়া ফিওরেন্তিনা প্রথমার্ধে ভালো খেলা সত্ত্বেও চার্লস ডে কেটেলারে-এর গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায়। এতে দলটি আরও ভেঙে পড়ার ঝুঁকিতে পড়েছিল।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ফিওরেন্তিনা। আলিউ এনজাইয়ের দুর্দান্ত ড্রাইভিং হেড এবং জোয়াও মারিও-এর শট দিক পরিবর্তন করে জালে জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। কিন্তু শেষ পর্যন্ত নিকোলা জালেভস্কির গোলে সমতায় ফেরে আতালান্তা এবং পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচটি শেষ হয়। ম্যাচ শেষে ডিএজেডএন ইতালিকে ভানোলি বলেন, "খুব ভালো খেলার পরও ম্যাচটি জিততে না পারার আফসোস রয়ে গেছে।"
দলের আত্মতুষ্টি ও অসতর্কতার দিকে ইঙ্গিত করে ফিওরেন্তিনা কোচ বলেন, "আমাদের এমন কিছু ব্ল্যাকআউট বা মনোযোগের ঘাটতি হচ্ছে যা বেশ ব্যয়বহুল প্রমাণিত হচ্ছে। আমরা এভাবে গোল খাওয়া চালিয়ে যেতে পারি না। ভাগ্য ভালো যে আমরা ম্যাচে ফিরতে পেরেছিলাম, তবে রক্ষণের সময় মানসিকভাবে আরও দৃঢ় সংকল্প হতে হবে।"
আজকের একাদশে কিছু চমক রেখেছিলেন ভানোলি, যার মধ্যে ফুলব্যাক হিসেবে জোয়াও মারিওকে খেলানো ছিল অন্যতম। তার সেই সিদ্ধান্ত গোল দিয়ে ফলও দিয়েছে। এ প্রসঙ্গে ভানোলি জানান, "আমরা ভালো খেলা একটি দল, কিন্তু কীভাবে রক্ষণ সামলাতে হয় তা শিখতে হবে; এখানেই আমাদের ঘাটতি রয়েছে।"
তিনি আরও যোগ করেন, "আতালান্তাকে দুটি গোলই উপহার দেওয়া হয়েছে। প্রতিটি ম্যাচই একটি ধাঁধার মতো, আমাদের প্রচুর কাজ করতে হবে। এই দলে যথেষ্ট প্রতিভা রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইতালিয়ান ফুটবলে একক দল হিসেবে সবাইকে একসাথে রক্ষণ সামলাতে হয়।"
নির্দিষ্ট ভুলের কথা তুলে ধরে কোচ বলেন, "প্রথম গোলের সময় শের এনদুর ডে কেটেলারে-কে অনুসরণ করেননি, আর দ্বিতীয় গোলের সময় আমরা সবাই ধীরগতির ছিলাম। সান সিরোতে ইন্টারের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ের দুই গোলে ২-১ ব্যবধানে হেরেছিলাম, যেখানে আমরা চালাকির অভাব দেখিয়ে ম্যাচ হাতছাড়া করেছিলাম।"
বিরতির সময় নিকোলো ফাজিওলিকে তুলে নেওয়া প্রসঙ্গে ভানোলি নিশ্চিত করেন যে, এটি কোনো ফিটনেস সমস্যার কারণে নয় বরং সম্পূর্ণ ট্যাকটিক্যাল সিদ্ধান্ত ছিল। এই ড্রয়ের পর ৫ পয়েন্ট নিয়ে টেবিলের একই অবস্থানে আটকে রয়েছে ফিওরেন্তিনা, উদিনেস ও পারমা। আর ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে ভেনেসিয়া।






























