গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত ও বর্তমানে ‘কার্যক্রম নিষিদ্ধ’ রাজনৈতিক দল আওয়ামী লীগ ফের নাশকতার ছক কষছে বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। দলটির পলাতক নেতারা দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী ২৯ ও ৩০শে নভেম্বর ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। এসব কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার চেষ্টা চালানো হচ্ছে। কখনো নিজ দলের নেতাকর্মী, আবার কখনো ভাড়ার লোক দিয়ে বাসে ও আর্থিক প্রতিষ্ঠানে আগুন দেয়া হচ্ছে। এছাড়া থানা, পুলিশ বক্স, এসআরবি ক্যাম্প, সিআইডি ও এসবি কার্যালয়সহ বিভিন্ন সরকারি ও প্রশাসনিক দপ্তর টার্গেট করে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হচ্ছে। এসব ঘটনায় শত শত আসামি আটক হচ্ছে এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ফোনের বিভিন্ন গ্রুপের আলামত থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ২০শে নভেম্বর পর্যন্ত সারা দেশে অর্ধশতাধিক যানবাহনে অগ্নিসংযোগ এবং শতাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ডিএমপি পরিচালিত বিশেষ অভিযানে সংসদ সদস্য ও অভিনেতাসহ অন্তত ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ১২৪ জনই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য। এছাড়া শ্যামলী মোড়ের চেকপোস্ট থেকে ৪টি তাজা ককটেলসহ মো. রাসেল নামে একজনকে আটক করেছে আদাবর থানা পুলিশ। লালবাগ থেকেও যুবলীগ ও আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসজুড়ে রাজধানী ঢাকাকে অচল করতে প্রবেশপথে অবরোধ, জমায়েত ও সরকারি স্থাপনায় হামলার ছক কষছে দলটি। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে যে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে লোক জড়ো করে রাজধানীর কোনো একটি অংশে হঠাৎ জমায়েত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদর দপ্তর সারা দেশে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে। পাশাপাশি পাড়া-মহল্লায় নজরদারি, চেকপোস্ট, ব্লক রেইড ও বিশেষ টহল জোরদার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, নাশকতার অর্থ জোগানদাতা ও পরিকল্পনাকারীদের অনেকের নাম গোয়েন্দাদের হাতে এসেছে, যাদের কেউ বিদেশে আবার কেউ দেশে আত্মগোপনে রয়েছেন। ১৭ই নভেম্বর মিরপুর-১০ এলাকা থেকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ মামুন অর রশীদ নামে একজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। সে মেহেরপুরের এক নেতার মাধ্যমে সীমান্ত এলাকা থেকে গান পাউডার সংগ্রহ করেছিল। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের ফোন থেকে গান পাউডার বিতরণের ভয়েস রেকর্ড এবং কার্যক্ষমতা পরীক্ষার ভিডিও উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, সম্ভাব্য নাশকতার পরিকল্পনা শুধু যানবাহনে অগ্নিসংযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; সরকারি অফিস, আদালত, থানা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও তাদের টার্গেট। বিদেশে অবস্থানরত ব্যক্তিদের নির্দেশনা ও অর্থায়নে দেশের বিভিন্ন এলাকায় কমিটি গঠন করে এসব নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি থানার আওতাধীন এলাকায় পুলিশের নজরদারি ও কার্যক্রম জোরদার করা হয়েছে।





























