যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এক শিখ নেতাকে হত্যার ভারত সরকার-সমর্থিত চক্রান্তে জড়িত থাকার অপরাধে নিখিল গুপ্ত নামে ৫৫ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে ১৯ বছরেরও বেশি সময় কারাদণ্ডের নির্দেশ দিয়েছে মার্কিন আদালত। শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালতে শুনাকলে মার্কিন জেলা বিচারক ভিক্টর মারেরো এই ২৩৫ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নিখিল গুপ্ত টাকার বিনিময়ে হত্যাকাণ্ড সংঘটন (মার্ডার-ফর-হায়ার), হত্যাচেষ্টার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেছিলেন। ম্যানহাটন ইউএস অ্যাটর্নি অফিসের প্রসিকিউটররা তার জন্য প্রায় ২৪ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছিলেন।
অভিযোগ অনুযায়ী, ভারতে একটি স্বাধীন শিখ রাষ্ট্র ‘খালিস্তান’ গঠনের পক্ষে সোচ্চার আইনজীবী ও ‘শিখস ফর জাস্টিস’-এর নেতা গুরপতোয়ান্ত সিং পান্নুনকে হত্যার উদ্দেশ্যে ভারতীয় এক সরকারি কর্মকর্তার সঙ্গে যুক্ত হয়ে পরিকল্পনা করেন নিখিল। পান্নুন আমেরিকা ও কানাডার দ্বৈত নাগরিক। মামলার নথি থেকে জানা যায়, নিখিল গুপ্ত ও ভারতের সরকারি কর্মকর্তা বিকাশ যাদব এক ছদ্মবেশী মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে ভাড়াটে খুনি ভেবে তার হাতে ১৫ হাজার মার্কিন ডলার নগদ তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। বিকাশ যাদবের বিরুদ্ধেও এই মামলায় অভিযোগ আনা হয়েছে, তবে তিনি মার্কিন হেফাজতে নেই এবং তিনি কোনো প্রতিরক্ষা আইনজীবী নিয়োগ করেছেন কি না তা স্পষ্ট নয়।
আদালতে প্রসিকিউটর অ্যাশলে নিকোলাস বলেন, এই ঘটনাটি মার্কিন মূল্যবোধের একদম কেন্দ্রবিন্দুতে আঘাত হেনেছে। তিনি জোর দিয়ে বলেন, নিজেদের দেশে বা বাকস্বাধীনতা স্তব্ধ করতে কখনোই সহিংসতাকে সমর্থন দেওয়া হয় না। অন্যদিকে, সাজা ঘোষণার সময় নিখিল গুপ্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা মহাত্মা গান্ধীর অহিংস আদর্শ থেকে বিচ্যুত হওয়ার জন্য অনুশোচনা প্রকাশ করেন। তিনি আদালতকে বলেন, "আমি মি. পান্নুন, যে সম্প্রদায়গুলোকে আমি আঘাত করেছি এবং আমার নিজের পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি।"
শুনানিতে উপস্থিত থেকে গুরপতোয়ান্ত সিং পান্নুন নিখিল গুপ্তের বিচার নিশ্চিত করার জন্য মার্কিন বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি স্পষ্ট করেন যে, পাঞ্জাব অঞ্চলের স্বাধিকার ও তার জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্জনের লক্ষ্য থেকে তিনি সরে আসবেন না।
এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত শিখ অ্যাক্টিভিস্টদের লক্ষ্য করে পরিচালিত কথিত হত্যাকাণ্ডের চক্রান্ত উন্মোচনের অংশ, যা ভারতের সঙ্গে পশ্চিমাদের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে। কানাডার সঙ্গে এটি বড় ধরনের কূটনৈতিক সংকটে রূপ নেয়, যদিও ভারত সরকার এসব হত্যাচেষ্টার সঙ্গে তাদের কোনো প্রকার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে এবং জানিয়েছে যে এটি তাদের সরকারি নীতিমালার পরিপন্থী।





























