নড়াইলের কালিয়া উপজেলায় কৃষক দল ও জাসাসের দুই নেতাকে হত্যার ঘটনার জের ধরে বেন্দারচর গ্রামে ব্যাপক সহিংসতা হয়েছে। গত শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ বেশ কয়েকজন নেতা-কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন জ্বলতে দেখেন। এর আগে বুধবার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভযাত্রায় হামলায় জাসাস উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম নিহত হন।
বেন্দারচর গ্রামের ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার বিকেলে বিএনপির লোকজন এসে সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালান। এ সময় বেন্দারচর গ্রামের প্রায় ৫০টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় বিএনপি এসব অভিযোগ অস্বীকার করেছে। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, বাড়িঘরে হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিএনপির নেতাদের উপস্থিতিতে এসব হওয়ার প্রচারণা কাল্পনিক।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার আগে সাবেক সংসদ সদস্যের বাসাসহ কয়েকটি বাসা ও ১৫-২০টি ঘর ভাঙচুর এবং পাঁচ-ছয়টি ঘরে অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত হওয়া গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং হামলাকারীদের পরিচয় নিশ্চিত হতে প্রশাসন তদন্ত করছে। নড়াইল জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেন্দারচর গ্রামে হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের যে তথ্য ছড়ানো হচ্ছে তা মিথ্যা ও বানোয়াট। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি। পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, বিএনপির নিহত দুই নেতার স্বজন ও সমর্থকেরা ওই গ্রামে গিয়ে তিন-চারটি বাড়িতে হামলা চালিয়েছেন, তবে ঘটনাটি যেভাবে প্রচার করা হচ্ছে তেমন নয়।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নিরাপত্তাহীনতার কারণে শুক্রবার বিকেল চারটার দিকে আগুন লাগলেও রাত আটটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। অনেক বাড়িতে আগুন ছিল এবং কিছু বাড়ি তারা নিজেরা নিভিয়েছেন। ভুক্তভোগী নারীরা অভিযোগ করেছেন, চার শতাধিক লোক এসে বাড়িঘর থেকে গরুসহ সব মালামাল লুট করে নিয়ে গেছে। ভয়ে অনেক নারী ও পুরুষ গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন। এদিকে, একই সময়ে পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য ও এক সাবেক মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া পাবনার বেড়া পৌরসভায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে।
জিন্নাতুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, শুক্রবার সন্ধ্যার আগে আগে সাবেক সংসদ সদস্যের বাসাসহ কয়েকটি বাসা ও ১৫–২০টি ঘর ভাঙচুর করা হয়েছে।

























