ব্যক্তি কিংবা দলভিত্তিক ঐক্যের পরিবর্তে জনগণের প্রকৃত ঐক্য গড়ে তোলার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে হলে গণভোটে প্রাপ্ত ৭০ শতাংশ মানুষের রায় কার্যকর করা জরুরি। সংবিধানের প্রয়োজনীয় সংস্কার না করা হলে আওয়ামী চরিত্রেরই আরেকটি দল ভিন্ন নামে ক্ষমতায় এসে পুনরায় ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন এটিএম আজহারুল ইসলাম। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকেল ১টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় সম্মেলনে অন্য রাজনৈতিক ও সাংবিধানিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তব্যে জামায়াত নেতা অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে পলাতক ফ্যাসিস্ট শক্তি যে জ্বালাও-পোড়াও শুরু করেছে, তার জন্য সরকারই একমাত্র দায়ী। সীমান্ত রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের মৌলিক দায়িত্ব হলেও তারা তাতে ব্যর্থ হচ্ছে। ক্ষেত্রবিশেষে সরকার উসকানি দিচ্ছে দাবি করে তিনি প্রশ্ন তোলেন, কার স্বার্থে ও কাদের খুশি করতে এ ধরনের আচরণ করা হচ্ছে। সন্ত্রাসী উপাদানগুলোকে শক্ত হাতে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের প্রসঙ্গ টেনে এটিএম আজহারুল ইসলাম বলেন, সেদিন জনগণ সরকার গঠন এবং সংবিধান সংস্কারের প্রশ্নে আলাদা দুটি ভোট দিয়েছিল। জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদে গিয়ে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কারে গণপরিষদ সদস্য—এই দুটি শপথই গ্রহণ করেছেন। কিন্তু বিএনপির প্রতিনিধিরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে গণপরিষদের শপথ এড়িয়ে গিয়ে জনগণের দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে।
তিনি বিএনপিকে এখনো ভুল শুধরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান। জামায়াতের নায়েবে আমির উল্লেখ করেন, তাদের রাজনৈতিক ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং চব্বিশের চেতনা। সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের নিরাপত্তা বিঘ্নিত হলে জামায়াত চুপ থাকবে না। অবিলম্বে জুলাই সনদকে সব কাজের ভিত্তি হিসেবে বাস্তবায়ন করার তাগিদ দেওয়ার পাশাপাশি যেকোনো আঘাতের প্রতিরোধে সবাইকে সাহসিকতার সঙ্গে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
জরুরি এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম এবং মুয়াযযম হোসাইন হেলাল। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।































