উইমেনস বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) চার ও ছক্কার ইতিহাসগড়া এক ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ৭ রানে হারিয়েছে সিডনি থান্ডার। নর্থ সিডনি ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দল মিলিয়ে মোট ৪৭৩ রান সংগৃহীত হয়, যা ডব্লিউবিবিএলের ইতিহাসেই সর্বোচ্চ রানের সমষ্টি। দলের এই মহাকাব্যিক জয়ের মূল কারিগর ফিবি লিচফিল্ড, যিনি ৬৭ বলে অপরাজিত ১২১ রানের বিধ্বংসী ইনিংস খেলে নিজের প্রথম ডব্লিউবিবিএল সেঞ্চুরি উদযাপন করেছেন। এই জয়ে শনিবার টেবিলের শীর্ষে থাকা সিডনি সিক্সার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচের আগে টুর্নামেন্টের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল থান্ডার।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন থান্ডারের দুই উদ্বোধনী ব্যাটার লিচফিল্ড ও থালিয়া উইলসন। এই জুটি ৫১ বলে ৮৯ রান যোগ করে, যার মাঝে মাত্র ২৫ বলেই নিজের অর্ধশতক পূরণ করেন লিচফিল্ড। নবম ওভারে আনাসু মুশাংওয়ের হাতে ক্যাচ বানিয়ে উইলসনকে (৩৮) ফিরিয়ে এই জুটি ভাঙেন স্ট্রাইকার্স অধিনায়ক থালিয়া ম্যাকগ্রা। এর পরের ওভারেই মেগান শাট বোল্ড করেন অ্যানিকা লিয়ারয়েডকে। তবে প্রাথমিক ধাক্কা সামলে ১৪ ওভার শেষে ২ উইকেটে ১৩৯ রান তুলে বড় সংগ্রহের শক্ত ভিত্তি গড়ে থান্ডার।
এরপর ইনিংসের পাওয়ার সার্জে ডব্লিউবিবিএলের নতুন ইতিহাস লেখে সিডনি থান্ডার। পাওয়ার সার্জের দুই ওভারে তারা তোলে রেকর্ড ৪৮ রান। বিশেষ করে আমান্ডা-জেড ওয়েলিংটনের এক ওভারেই ৩টি ছক্কা ও ৩টি চার মেরে ৩০ রান আদায় করে নেন হিদার নাইট। নাইট মাত্র ১৮ বলে ৪৭ রান করে ১৭তম ওভারে এলা উইলসনের বলে আউট হলেও, লিচফিল্ডের সাথে তার ৪২ বলে ৮৩ রানের বিধ্বংসী জুটি থান্ডারকে চালকের আসনে বসিয়ে দেয়। ১৮তম ওভারে ৬০ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন লিচফিল্ড, যা থান্ডারের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। শেষ দিকে লরা হ্যারিস ৭ বলে ২০ রান করলে শেষ ৬ ওভারে থান্ডার যোগ করে ১০১ রান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৪০ রান তোলে তারা, যা ডব্লিউবিবিএলের সর্বকালের সেরা রেকর্ডের চেয়ে মাত্র ২ রান কম।
জবাব দিতে নেমে ২৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই মাইয়া বুশিয়ারকে হারায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। তবে লরা উলভার্ট ৩৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে রান রেটের সামনে রাখেন। তিনি এমা ডি ব্রুর (২৮) সাথে ৭৭ রানের জুটি গড়েন। হাসরাত গিলের বলে ডি ব্রু এলবিডব্লিউ হওয়ার পর ১২তম ওভারে সামান্থা বেটসের বলে লিচফিল্ডের হাতে ক্যাচ দেন উলভার্ট। ৩ উইকেটে ১১৪ রান তোলার পর স্ট্রাইকার্সের শেষ ৪৮ বলে প্রয়োজন ছিল ১২৭ রান।
অসম্ভব মনে হওয়া এই সমীকরণকে প্রায় বাস্তবে রূপ দিয়ে ফেলেছিলেন ম্যাডেলিন পেনা ও থালিয়া ম্যাকগ্রা। চতুর্থ উইকেটে এই দুজন মাত্র ৫১ বলে ১২২ রানের অবিশ্বাস্য অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ শেষ ওভার পর্যন্ত নিয়ে যান। পেনা ২৫ বলে ফিফটি স্পর্শ করে শেষ পর্যন্ত ৩৮ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন এবং ম্যাকগ্রা খেলেন ৪৬ রানের অপরাজিত ইনিংস। স্ট্রাইকার্সের আক্রমণের মুখে থান্ডারের পেসার লরেন বেল ৪ ওভারে ৬৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন, যা ডব্লিউবিবিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড। শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান প্রয়োজন হলেও নাদিন ডি ক্লার্ক দুর্দান্ত বোলিং করে মাত্র ১১ রান দেন। ফলে ৩ উইকেটে ২৩৩ রানে থামে স্ট্রাইকার্স এবং ৭ রানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে সিডনি থান্ডার।



























