ঐতিহাসিক ট্রয় যুদ্ধের স্থান হিসেবে পরিচিত তুরস্কের কানাক্কালে অঞ্চলে অবস্থিত ট্রয় জাদুঘরে সম্প্রতি পালিত হলো বার্ষিক 'মিউজিয়াম টেকওভার ডে'। এই বিশেষ দিনে ১৫ জন শিশু, যাদের বয়স ৯ থেকে ১২ বছরের মধ্যে, জাদুঘর পরিচালনার হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে। তাদের সাথে স্থানীয় বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীও এই আয়োজনে অংশ নেন।
জাদুঘরের কর্মীদের সরাসরি তত্ত্বাবধানে শিশুরা জাদুঘরের পরিচালক, নিরাপত্তা রক্ষী, প্রত্নতাত্ত্বিক, পুনরুদ্ধার বিশেষজ্ঞ এবং ক্যাফে ম্যানেজারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল শিশুদের জাদুঘরের দৈনন্দিন কার্যক্রম, যেমন—প্রশাসন, প্রদর্শনী নকশা, দর্শনার্থীদের সাথে যোগাযোগ, প্রযুক্তিগত সেবা এবং নিদর্শন সংরক্ষণ ও পুনরুদ্ধারের মতো বিষয়গুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া। এর মাধ্যমে তারা জানতে পেরেছে, একটি জাদুঘর সচল রাখতে পর্দার আড়ালে কতটা পরিশ্রম করতে হয়।
আয়োজনের একটি অংশে শিশুরা জাদুঘরের সংগ্রহে থাকা বিভিন্ন নিদর্শন এবং দোকানে থাকা ভাস্কর্য ও মুদ্রার প্রতিলিপি ব্যবহার করে নিজেদের মতো করে প্রদর্শনী সাজানোর কাজ করেছে। তারা শিখেছে কীভাবে নিদর্শন নির্বাচন করতে হয়, সেগুলোকে সুবিন্যস্ত করতে হয় এবং দর্শনার্থীদের সামনে উপস্থাপনের জন্য একটি সুন্দর বর্ণনা তৈরি করতে হয়।
প্রোগ্রামটির স্থায়িত্ব বা সাসটেইনেবিলিটি থিমের অংশ হিসেবে শিশুরা বর্জ্য কাগজ ব্যবহার করে কাগজ তৈরির একটি কর্মশালায়ও অংশ নেয়। এই কার্যক্রমটি তাদের পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার এবং সম্পদের সঠিক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করেছে।
কানাাক্কালে ওনসেকিজ মার্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মিউজিয়াম সায়েন্সের শিক্ষার্থীরাও তাদের ব্যবহারিক শিক্ষার অংশ হিসেবে এই আয়োজনে যোগ দেয়। তারা জাদুঘরের বিভিন্ন বিভাগ পর্যবেক্ষণ করেছে এবং তাত্ত্বিক জ্ঞানকে পেশাদার জাদুঘর পরিবেশে প্রয়োগ করার সুযোগ পেয়েছে। ২০১০ সালে যুক্তরাজ্যে প্রথম চালু হওয়া 'মিউজিয়াম টেকওভার ডে' এখন বিশ্বের বেশ কয়েকটি দেশের জাদুঘরে নভেম্বর মাসে পালন করা হয়, যা শিশুদের জাদুঘরের কাজের জগৎ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা প্রদান করে।





























