রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি প্রাঙ্গণে শুরু হয়েছে বর্ণাঢ্য ভর্তি মেলা। উইন্টার ও সামার ২০২৭ সেশনের ভর্তি কার্যক্রমকে লক্ষ্য রেখে আয়োজিত এই মেলা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত টানা ১৫ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকসহ যেকোনো দর্শনার্থীর জন্য মেলা উন্মুক্ত থাকবে।
বুধবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলা শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই-আলম ও registrar ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক শাখার কর্মকর্তারা। উদ্বোধনের পর আয়োজিত একটি বিশেষ ক্যারিয়ার সেশনে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ১৫ মিনিটের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, যেখানে তিনি শিক্ষার্থীদের স্বপ্ন জয় ও তা বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেন।
ভর্তি মেলা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় ও বৃত্তির ব্যবস্থা রাখা হয়েছে। ভর্তি ফিতে ৫০ শতাংশ ওয়েভার এবং প্রথম সেমিস্টারের টিউশন ফিতে অতিরিক্ত ১০ শতাংশ ওয়েভার সুবিধা দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ফলাফলের ভিত্তিতে মেধা বৃত্তি ও মেলায় অংশ নেওয়া সবার জন্য থাকছে গিফট হ্যাম্পার। ভর্তি মেলায় আগত দর্শনার্থীরা মেলার রেফারেন্সে বিশ্ববিদ্যালয়ের যেকোনো এসি ও নন-এসি বাসে নিখরচায় যাতায়াত করতে পারবেন।
মেলায় আসা শিক্ষার্থী ও অভিভাবকরা সরাসরি মনোরম ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিভিন্ন প্রোগ্রামের পাঠদান পদ্ধতি, আধুনিক কারিকুলাম, ক্যারিয়ার সম্ভাবনা, শিল্প খাতের সংযোগ এবং ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সম্পর্কে বিষদ তথ্য সংগ্রহ করছেন।
দেশের প্রথম ফ্যাশন, গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র আর্কিটেকচার ও অ্যাপারেল বিশেষায়িত এই সাংস্কৃতিক ও সৃজনশীল বিশ্ববিদ্যালয়টি ইন্ডাস্ট্রি ভিত্তিক পাঁচটি অনুষদের অধীনে মোট ৩১টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিচ্ছে। গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, ইন্টেরিয়র আর্কিটেকচার, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ফাইন আর্টস, মিউজিক অ্যান্ড ড্যান্স এবং ফ্যাশন ডিজাইন প্রোগ্রামগুলো বাংলাদেশে শান্ত-মারিয়ামই প্রথম চালু করেছিল।
উত্তরা ১৭ নম্বর সেক্টরে অবস্থিত শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসটির যোগাযোগের পরিবেশও অত্যন্ত সুবিধাজনক। কাছেই মেট্রোরেল স্টেশনসহ বিভিন্ন গণপরিবহনের সুব্যবস্থা রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের সহজে যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব এসি ও নন-এসি বাস সার্ভিস রয়েছে। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য smuct.ac.bd ওয়েবসাইটে ভিজিট করা যাবে অথবা ০৯৬৩৮-১৭৭১৭৭ হটলাইনে যোগাযোগ করা যাবে।































