যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ভারতীয় পিএইচডি শিক্ষার্থী বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। কামাক্ষী নামের ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের তিক্ত অভিজ্ঞতার একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি জানান, যুক্তরাজ্যের একটি দোকানে কেনাকাটার সময় এক শ্বেতাঙ্গ নারী তাকে উদ্দেশ করে বলেন, ‘তোমার গায়ে খুব, খুব বাজে গন্ধ।’
ঘটনাটি বর্ণনা করতে গিয়ে কামাক্ষী বলেন, ওই নারী কিছুক্ষণ ধরে তার আশপাশে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে তিনি কাছে এসে বলেন, ‘আমি এটা করতে চাইনি, কিন্তু আমাকে করতেই হবে। তোমার গায়ে খুব, খুব বাজে গন্ধ।’ আকস্মিক এই অপমানজনক মন্তব্যে কামাক্ষী হতবাক হয়ে যান এবং তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দিতে পারেননি। তিনি বলেন, ‘আমি জমে গিয়েছিলাম। আমার মস্তিষ্ক যতক্ষণে বুঝে উঠল কী ঘটেছে, ততক্ষণে ওই নারী চলে গেছেন।’
এই ঘটনা কামাক্ষীকে মানসিকভাবে গভীরভাবে আহত করেছে। বিশেষ করে সেদিন তিনি যে সুগন্ধি ব্যবহার করেছিলেন, সেটি ছিল তার বাবার প্রিয়। বাবার স্মৃতিবিজড়িত এই সুগন্ধি নিয়ে এমন মন্তব্যে তিনি ব্যথিত হন। ঘটনার পর পুরো দিন তিনি নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করেন যেন কারো নজরে না পড়েন।
তবে কামাক্ষী মনে করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তার ভাষ্যমতে, অক্সফোর্ডে বর্ণের মানুষদের নিয়মিত বিভিন্ন ধরনের বর্ণবাদী আচরণ ও সূক্ষ্ম অবমাননার মুখোমুখি হতে হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক বর্ণবাদের ইতিহাস নিয়েও প্রশ্ন তুলেছেন। কামাক্ষীর অভিযোগ, এমন কোনো নামী প্রতিষ্ঠান নেই যার শিকড়ে বর্ণবাদ, সাম্রাজ্যবাদ কিংবা কোনো সমস্যাজনক ইতিহাস নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ে বর্ণবাদী ব্যক্তিদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এত কিছুর পরও নিজের সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কামাক্ষী। তিনি বলেন, ‘সে কারণেই আমি এখনো দেশি পোশাক পরি, ঝুমকা পরি, টিপ পরি এবং একই পারফিউম ব্যবহার করি।’ ভারতে বিক্ষোভের সময় তার এক বন্ধুর বলা কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমরা প্রতিদিন লড়ি, আর হেরে যাই। কিন্তু আমরা এই পৃথিবীকে একটু একটু করে নিজের করে নিই।’ কামাক্ষীর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্ণবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি নতুন করে সামনে এসেছে।
































