আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী অভিনেত্রী আজমেরী হক বাঁধন নতুন একটি সিনেমায় যুক্ত হওয়ার অপেক্ষায় আছেন। ‘গুলশানের চামেলি’ শিরোনামের এই সিনেমাটিতে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য নির্মাতারা প্রস্তাব দিয়েছেন এবং বর্তমানে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অভিনেত্রী নিজেই গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।
বাঁধন জানান, সিনেমাটিতে তাকে একজন মানবাধিকারকর্মী বা আইনজীবীর চরিত্রে দেখা যাবে। তিনি আরও জানান, আগামী ১ আগস্ট আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। সিনেমাটির মূল গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীর জীবনকে কেন্দ্র করে। কোনো অপরাধ না করেও ক্ষমতার অপব্যবহার ও নির্মম খেলার শিকার হওয়া সেই নারীর জীবনের নানা ঘটনার মধ্য দিয়ে সমাজ, রাজনীতি এবং অভিজাত শ্রেণির অন্ধকার বাস্তবতা ফুটে উঠবে।
নারীপ্রধান এই সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের বিষয়টি আগেই নিশ্চিত করেছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে নির্মিতব্য এই সিনেমায় কোনো প্রথাগত নায়ক থাকছে না, বরং পুরো গল্পটি আবর্তিত হবে নারীর সংগ্রাম ও জীবনকাহিনিকে ঘিরে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী নভেম্বর বা ডিসেম্বরে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

































