প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ভূমিকম্পবিষয়ক একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এই সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া প্রদান এবং সরকারের সার্বিক প্রস্তুতি আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সভায় জাতীয় টাস্কফোর্স গঠনের পাশাপাশি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় জরুরি সেবা নিশ্চিত করতে এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও প্রশিক্ষণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডেটাবেজ প্রস্তুত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবককে যুক্ত করা হবে। এছাড়া সভায় প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিয়েও বিশদ আলোচনা হয়।
বৈঠকে ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও সভায় মতবিনিময় করা হয়।
দুর্যোগের সময় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা শহরে হিউম্যানিটারিয়ান স্ট্যাগিং এরিয়া (এইচএসএ) বা বিশেষ লজিস্টিক হাব ও গুদামজাতকরণ কেন্দ্র স্থাপনের বিষয়েও সভায় আলোচনা হয়েছে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।



























