ভারতের বাঁহাতি স্পিনার মানব সুথার কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমের শেষ চার ম্যাচে খেলার জন্য আবারও ওয়ারউইকশায়ারে যোগ দিতে যাচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের ভারতীয় দলে ডাক পাওয়া এই স্পিনার সিরিজ শেষেই ক্লাবটিতে যোগ দেবেন। তাঁর পাশাপাশি নিউজিল্যান্ডের ব্যাটার উইল ইয়াংও মৌসুমের বাকি ছয় ম্যাচের জন্য ওয়ারউইকশায়ারের দলে ফিরছেন।
এর আগে চলতি মৌসুমের শুরুতে ওয়ারউইকশায়ারের হয়ে দুটি কাউন্টি ম্যাচ খেলেছিলেন সুথার। সেখানে একটি ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ১১টি উইকেট শিকার করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ১৪৭টি উইকেট নিয়েছেন এই তরুণ স্পিনার।
can অন্যদিকে, কিউই ব্যাটার উইল ইয়াং গত মৌসুমে ওয়ারউইকশায়ারের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন, যেখানে তাঁর ব্যাটিং গড় ছিল ৫৩। ২০২১ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ওয়ারউইকশায়ার বর্তমানে ডিভিশন ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে। শিরোপা জয়ের লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে দলটি।
এই দুই ক্রিকেটারকে পুনরায় দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়ারউইকশায়ারের পারফরম্যান্স ডিরেক্টর জেমস থমাস। তিনি বলেন, "উইল এবং মানব দুজনকে আবারও বিয়ার্স (ওয়ারউইকশায়ার) পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গতবার ক্লাবের হয়ে খেলার সময় তারা দুজনেই দারুণ প্রভাব ফেলেছিলেন।"
থমাস আরও যোগ করেন, "চলতি মৌসুমে আমরা ইতিমধ্যে বেশ ভালো রেড-বল ক্রিকেট খেলেছি। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে তারা দলে আসায় আমাদের শক্তি আরও বৃদ্ধি পাবে, যখন আমরা শিরোপা জয়ের লড়াইয়ে আছি। বো ওয়েবস্টারের বিদায়ের পর উইল আমাদের ব্যাটিং লাইনে অভিজ্ঞতা যোগ করবে। অন্যদিকে মানব বল হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ রান অবদান রাখার সামর্থ্য প্রমাণ করেছে।"






























