ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত একটি বিতর্কিত পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে কনকাকাফের ৪১টি সদস্য দেশ। টুর্নামেন্টের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির এই পরিকল্পনাটি নিয়ে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সভায় ঐকমত্যে পৌঁছায় কনকাকাফ। এর আগে উয়েফাও একই ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস’ (এফএফই) নামে একটি নতুন সত্তার মাধ্যমে বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপের মতো বড় ইভেন্টগুলোর পরিচালনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কথা ছিল। ফিফা এই নতুন প্রতিষ্ঠানের ২১ শতাংশ শেয়ার বিক্রির মাধ্যমে প্রায় ৩.২ বিলিয়ন পাউন্ড সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিল, যা পরবর্তীতে সদস্য দেশগুলোর মধ্যে বিতরণের কথা ছিল।
তবে কনকাকাফ তাদের বিবৃতিতে এই প্রস্তাবের বিরোধিতা করে জানিয়েছে, ইতিহাসের সবচেয়ে লাভজনক ফিফা বিশ্বকাপ আয়োজনের পরেও কেন নতুন এবং বিদ্যমান ফিফা ফরওয়ার্ড কর্মসূচির জন্য বেসরকারি বিনিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে সংস্থাটি ফিফা কাউন্সিল সদস্যদের নির্দেশ দিয়েছে যেন ফিফা প্রেসিডেন্টকে কোনো বিষয় পরিচালনার ক্ষেত্রে যথাযথ শাসন প্রক্রিয়া ও ফিফা কাউন্সিলের নিয়ম মেনে চলার বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, উয়েফার মতো কনকাকাফ তাদের সিদ্ধান্তে কোনো বয়কটের ঘোষণা দেয়নি। তবে এই প্রস্তাবটি পাস হওয়ার জন্য ফিফার ২১১টি সদস্য দেশ এবং ফিফা কাউন্সিলের অনুমোদনের প্রয়োজন রয়েছে।




























