বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুকে দলে ভেড়াতে জোর তৎপরতা শুরু করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেড। ইতালিয়ান ক্লাব নাপোলিতে বর্তমানে অনাকাঙ্ক্ষিত এই ৩৩ বছর বয়সী তারকাকে চলতি দলবদল মৌসুমেই যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চায় তারা। বেলজিয়ান ফুটবল বিশেষজ্ঞ সাশা তাভোলিয়েরির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
স্তাদিও মারাদোনায় লুকাকু এখন আর নিয়মিত শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন না, বিশেষ করে রাসমুস হইলুন্ডের উপস্থিতির কারণে তার জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি লুকাকুর এজেন্টও স্পষ্ট করে জানিয়েছেন যে, বেলজিয়ান এই তারকা এমন মানুষ নন যিনি কোনো ক্লাবে অনাকাঙ্ক্ষিত হয়ে পড়ে থাকবেন।
সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং চলতি গ্রীষ্মেই নাপোলি ছাড়ার ব্যাপারে লুকাকু সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। তবে আলোচনার বর্তমান পরিস্থিতি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এই দলবদলের ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতা ক্লাবগুলোর জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লুকাকুর বেতন। বর্তমানে প্রতি মৌসুমে করসহ (গ্রস) প্রায় ৮০ লাখ (৮ মিলিয়ন) ইউরো বেতন পান এই স্ট্রাইকার, যা যেকোনো ক্লাবের জন্যই বেশ বড় অঙ্কের খরচ।





























