তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) তথ্য অনুযায়ী, মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় ইসমাইলিয়া প্রদেশে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার ভোর ৩টার দিকে (০০০০ জিএমটি) ৫.৪৭ কিলোমিটার (৩.৪ মাইল) গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।
মিশরের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী কায়রোর মতো বড় শহরগুলোতেও এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মিশরীয় রেড ক্রিসেন্ট নিশ্চিত করেছে যে, তাদের কাছে এখন পর্যন্ত কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির তথ্য নেই। একইসাথে, বাসিন্দাদের পুরোনো বা দৃশ্যমান ফাটলযুক্ত ভবন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূমিকম্পের পর মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের জরুরি পরিকল্পনা সক্রিয় করেছে এবং হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। সরকারি বিবৃতিতে ভূমিকম্পের উৎপত্তিস্থল সংশোধন করে সুয়েজ শহর থেকে ৩৮ কিলোমিটার দূরে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ওই অঞ্চলের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের ফোনে একটি ভূমিকম্পের সতর্কতা পেয়েছেন, যেখানে ৫.৯ মাত্রার কম্পনের কথা উল্লেখ ছিল। ভূ-তাত্ত্বিকরা তথ্য বিশ্লেষণ করছেন এবং নতুন তথ্য প্রাপ্তিসাপেক্ষে ইউএসজিএস (USGS) তাদের কম্পনের তীব্রতার মানচিত্র হালনাগাদ করতে পারে।





























