স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং জার্মান ক্লাব আরবি লাইপজিগ তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে ভেড়ানোর বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। স্কাই জার্মানির বরাত দিয়ে ট্রান্সফারমার্কেট ডটডিই জানিয়েছে, বেশ কয়েক দফা আলোচনার পর দুই ক্লাব এই ঐকমত্যে পৌঁছেছে। ১৯ বছর বয়সী এই উইঙ্গারের জন্য রিয়াল মাদ্রিদ প্রাথমিকভাবে ১২ কোটি ৫০ লাখ (১২৫ মিলিয়ন) ইউরো পরিশোধ করবে। বিভিন্ন বোনাস বা অ্যাড-অন মিলিয়ে চুক্তির মোট অঙ্ক ১৪ কোটি (১৪০ মিলিয়ন) ইউরোতে গিয়ে পৌঁছাতে পারে, যার মধ্যে ১ কোটি ইউরোর বোনাস সহজেই পূরণযোগ্য বলে মনে করা হচ্ছে।
জার্মান ক্লাব লাইপজিগের সাথে দিওমান্দের বর্তমান চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত রয়েছে। এই চুক্তিতে কোনো রিলিজ ক্লজ বা চুক্তি বাতিলের নির্দিষ্ট অঙ্ক উল্লেখ না থাকায় বুন্দেসলিগার ক্লাবটি ট্রান্সফার ফির ক্ষেত্রে নিজেদের পছন্দমতো ঐতিহাসিক অঙ্কের দাবি জানাতে পেরেছে।
সম্প্রতি দিওমান্দের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে যখন তিনি লাইপজিগের অস্ট্রিয়া সফর বা অনুশীলন ক্যাম্পে অনুপস্থিত ছিলেন। অনেকেই ধারণা করেছিলেন যে, দলবদলের জন্য চাপ সৃষ্টি করতেই হয়তো তিনি অনুশীলনে যাননি। তবে লাইপজিগের স্পোর্টিং ডিরেক্টর মার্সেল শেফার এই গুঞ্জন উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছিলেন যে, দিওমান্দে আসলেই ইনফেকশনজনিত অসুস্থতায় ভুগছিলেন। সুস্থ হয়ে বুধবার তিনি আবারও লাইপজিগের অনুশীলনে ফিরেছেন।
গত গ্রীষ্মে মাত্র ২ কোটি (২০ মিলিয়ন) ইউরোর বিনিময়ে স্প্যানিশ ক্লাব লেগানেস থেকে দিওমান্দেকে দলে নিয়েছিল লাইপজিগ। এরপর ক্লাবটির হয়ে ৩৩টি প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমে ১২টি গোল করার পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেন এই তরুণ উইঙ্গার। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে মাত্র এক বছরের ব্যবধানে তাঁর বাজারমূল্য ১৫ লাখ ইউরো থেকে লাফিয়ে ৯০ মিলিয়ন ইউরোতে গিয়ে দাঁড়ায়। এদিকে লাইপজিগের সাথে হওয়া পূর্ববর্তী চুক্তি অনুযায়ী, দিওমান্দের এই দলবদল থেকে লাইপজিগ যে লাভ করবে, তার পাঁচ শতাংশ পাবে তাঁর সাবেক ক্লাব লেগানেস।





























