সমন্বিত উদ্যোগ ও দৃঢ় বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত নিসচার ১১তম মহাসমাবেশ-২০২৬-এ তিনি এ কথা বলেন। ইলিয়াস কাঞ্চন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর আইন প্রয়োগ, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হয়েছে। বাংলাদেশেও সেই সম্ভাবনা রয়েছে।
মহাসমাবেশে সরকারের চলমান উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের পক্ষ থেকে একটি বাস্তবভিত্তিক জাতীয় কর্মপরিকল্পনা ও ১২ দফা সুপারিশপত্র হস্তান্তর করা হয়। ইলিয়াস কাঞ্চন আরও বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, বরং এটি একটি জাতীয় দায়িত্ব। তিনি বলেন, নিরাপদ সড়ক মানুষের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমসহ সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা কারও প্রতিপক্ষ নই, বরং মানুষের জীবনের পক্ষে। যতদিন প্রতিটি মানুষ নিরাপদে ঘরে ফিরতে না পারবে, ততদিন নিসচার আন্দোলন অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, একটি জাতির উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের ওপর নির্ভর করে না; মানুষের মূল্যবোধ, দায়িত্ববোধ ও আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নাটক, চলচ্চিত্র, সঙ্গীত ও সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। শিশুদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন করার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। এতে সড়ক পরিবহন ও সেতু বিষয়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) সাবেক পরিচালক অধ্যাপক ড. শামসুল হক এবং নিসচা মহাসচিব লিটন এরশাদসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। মহাসমাবেশে আশা প্রকাশ করা হয়, পরিবহন খাতে সুশাসন, জবাবদিহিতা ও গবেষণার সমন্বয় ঘটাতে পারলে বাংলাদেশ নিরাপদ ও মানবিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।




























