বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের বর্তমান টানাপোড়েনের মধ্যে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’-এর প্রধান পরাগ জৈন ঢাকায় এসেছেন। রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পরাগ জৈনের সফরসঙ্গী প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। ঢাকায় অবস্থানকালে প্রতিনিধি দলটি রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছেন বলে জানা গেছে।
শেখ হাসিনা ইস্যুসহ নানা কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে ‘র’ প্রধানের এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে তার এই সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য বা বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠকের বিষয়ে বাংলাদেশ বা ভারত—কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
পরাগ জৈন ঢাকা সফরের ঠিক আগেই চীন সফর করেছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।



























