মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র ডাকাত দল হানা দিয়ে ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এই ডাকাতির ঘটনা ঘটায়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা নদীপথে ট্রলারযোগে এসে স্বপন শিকদারের বাড়ির বারান্দার পকেট গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষের দরজা বন্ধ করে দিলেও ডাকাতরা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
এ সময় বাধা দিতে গেলে বাড়ির মালিক স্বপন শিকদারকে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাত দল নগদ ২ লাখ ৩০ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নদীপথেই পালিয়ে যায়।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১০: ৪৮আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১০: ৫০




























