দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। এর আগে গত মঙ্গলবারও ভরিপ্রতি ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছিল সোনার দাম।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বেড়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায় নির্ধারিত হয়েছে।
উল্লেখ্য, দাম বৃদ্ধির আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায় বিক্রি হচ্ছিল। তবে দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৩ টাকা এবং ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪০ টাকায় কেনাবেচা হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক বাজারের চিত্র কিছুটা ভিন্ন। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে আউন্সপ্রতি সোনার দাম ১৮ ডলার কমেছে। তবে গত এক মাসে বিশ্ববাজারে আউন্সপ্রতি সোনার দাম ৩৫৯ ডলার বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম আউন্সপ্রতি ৫ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছিল। পরবর্তীতে ইরান যুদ্ধ শুরুর পর দাম আবারও ৫ হাজার ডলারের উপরে ওঠে এবং যুদ্ধবিরতি চুক্তির পর তা ৪ হাজার ডলারের নিচে নেমে আসে। গত দুই মাস ধরে সোনার দাম ৪ হাজার ডলারের কাছাকাছি অবস্থানে রয়েছে।
সূত্র: প্রথম আলো






























