গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। নিহত রেজাউল মুকসুদপুর উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেজাউল আলম মোটরসাইকেলযোগে মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দিগনগর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাক তার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ও সার্জেন্ট আজাদুর রহমান। তিনি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র: Daily Amar Desh






























