ইংল্যান্ডে মাত্র দুই দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, শুক্রবার লন্ডনের প্রায় ৩০ মাইল (৪৮ কিলোমিটার) পূর্বে এসেক্সের উইকফোর্ড ট্রেন স্টেশনের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের পেছনের দিকের বগিগুলো লাইনচ্যুত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হলেও সেগুলো সোজা অবস্থায় ছিল এবং এই ঘটনায় কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর পাওয়ার পরপরই পুলিশ, প্যারামেডিক এবং দমকল বাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থলে উপস্থিত হন। ন্যাশনাল রেল জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে কর্মকর্তারা কাজ করছেন এবং শুক্রবার বিকেল পর্যন্ত ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার লন্ডনের দক্ষিণে লুইস শহরের বাইরে আরেকটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়। লন্ডন থেকে ইস্টবোর্নগামী সেই ট্রেনটির তিনটি বগি উল্টে যায়। ওই ঘটনায় ১৮ জন যাত্রী সামান্য আহত হলেও দুইজন যাত্রী গুরুতর আহত হন। ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারের ওই দুর্ঘটনাস্থল থেকে প্রায় তিন ঘণ্টার মধ্যে সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উভয় ঘটনার কারণই বর্তমানে তদন্তাধীন রয়েছে। লুইসের অদূরে দক্ষিণ ইংল্যান্ডের ওই শহরে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটল।































