রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার একটি নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় তিনি এই নবনির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরে মোনাজাতে অংশ নেন। এছাড়া বেলুন ও পায়রা উড়িয়ে তিনি নতুন ভবনের কার্যক্রমের সূচনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাসসের তথ্যানুযায়ী, নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা এখন ১ হাজারে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।
হাসপাতালটির সম্প্রসারণের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০১২ সালে ১০ তলা ভবনে প্রথম ৩০০ শয্যা নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় সুচিকিৎসা নিশ্চিত করতে আরো ২০০ শয্যা বাড়ানো হয়। সর্বশেষ এই ১৫ তলা ভবনটি নির্মাণের মাধ্যমে আরও ৫০০ শয্যা যুক্ত করা হলো।
































