সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে অনন্য গৌরব অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন। এই শাখায় তাকে পুরো ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের ওপর দক্ষতা প্রমাণ করতে হয়েছে।
রাজধানীর ‘আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসা’র শিক্ষার্থী নুরুদ্দিন জাকারিয়া প্রতিটি ধাপে বিচারকদের সামনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এই সাফল্য ছিনিয়ে নেন। সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় সৌদি ও আন্তর্জাতিক বিচারক প্যানেল দায়িত্ব পালন করেন। এবারের আসরে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে, যেখানে পুরো প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য ছিল ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।
নিজের এই সাফল্যের প্রতিক্রিয়ায় হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বলেন, পবিত্র কোরআনের বরকতেই তিনি একটি সাধারণ গ্রাম থেকে মক্কার পবিত্র ভূমিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন। মসজিদুল হারামের প্রাঙ্গণে দাঁড়িয়ে বিশ্বসেরা প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দেশের জন্য সম্মান বয়ে আনাকে তিনি নিজের জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে অভিহিত করেছেন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সূত্রে জানা গেছে, তরুণ এই হাফেজের অর্জনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। তাঁর এই অবিস্মরণীয় সাফল্য দেশের কোরআনিক শিক্ষা ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে। বিশ্বমঞ্চে বাংলাদেশের এই প্রতিনিধি দেশের জন্য যে গৌরব বয়ে এনেছেন, তা দেশজুড়ে প্রশংসিত হচ্ছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ



























