বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে ঘিরে ভারতের রাষ্ট্রপতি ভবনের নেওয়া একটি পদক্ষেপ বেশ আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র এক ঘণ্টার মাথায় তা প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। এই ঘটনাটি কূটনৈতিক মহলে বেশ অস্বাভাবিক হিসেবে দেখা হচ্ছে।
ঘটনার সূত্রপাত হয় স্থানীয় সময় শুক্রবার দুপুর দুইটার দিকে, যখন রাষ্ট্রপতি ভবন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছিল, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট ২০২৬) রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি স্থগিত থাকবে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই সফর নিয়ে ঢাকা কিংবা নয়াদিল্লি—কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এর ঠিক এক ঘণ্টা পর, অর্থাৎ বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি দপ্তর থেকে আরেকটি নতুন বিজ্ঞপ্তি পাঠানো হয়। সেখানে জানানো হয়, ২১ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামের পূর্বের বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।
উল্লেখ্য, ভারতে রাষ্ট্রীয় সফরে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কূটনীতিকদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ভবনের ফোরকোর্টে আয়োজিত এই অনুষ্ঠানে তিন বাহিনীর সমন্বয়ে ‘গার্ড অব অনার’, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পরিচয় পর্ব সম্পন্ন হয়। সাধারণত মূল অনুষ্ঠানের আগের দিন এর একটি পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয় এবং সফররত শীর্ষ নেতার সম্মানে পরবর্তীতে নৈশভোজের আয়োজন করা হয়।
সূত্র: ঢাকা পোস্ট






























