নরসিংদী শহরের আরশীনগর রেলক্রসিং সংলগ্ন বীরপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তনগর ট্রেন ‘উপকূল এক্সপ্রেস’ নরসিংদী স্টেশনে যাত্রাবিরতি শেষে পুনরায় যাত্রা শুরু করে বীরপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় ২৭ বছর বয়সী আল-আমিন তার চার বছরের শিশুপুত্র আরিয়ানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন।
ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে গেলেও অলৌকিকভাবে বাবা ও ছেলে দুজনই প্রাণে বেঁচে গেছেন। ট্রেনটি কম গতিতে থাকায় তারা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রেনের ধাক্কায় তারা লাইনের মাঝখানে ছিটকে পড়ে যান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশু আরিয়ানের মাথায় ১৬টি সেলাই দেওয়া হয়েছে এবং তাদের দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। বর্তমানে আল-আমিন নরসিংদী সদর হাসপাতালে এবং তার ছেলে আরিয়ান স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





























