বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবনীর ওপর ভিত্তি করে একটি বায়োপিক নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। সিনেমাটিতে মধুবালার চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন অভিনেত্রী সারা অর্জুন। তিনি ইতিমধ্যে এই ঐতিহাসিক চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। সিনেমাটি পরিচালনা করবেন ‘ডার্লিংস’ খ্যাত পরিচালক জসমিত কে রিন। যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডের প্রতিবেদন অনুযায়ী, নির্মাতারা কেবল মধুবালার জীবনের গল্পই নয়, বরং তার ব্যক্তিত্ব, চলাফেরা, আচরণ, অঙ্গভঙ্গি এবং যে সময় ও পরিবেশে তিনি বেড়ে উঠেছিলেন, সেসব বিষয় নিখুঁতভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছেন।
সিনেমাটির শুটিংয়ের বিষয়ে জানা গেছে, নির্মাতা সঞ্জয় লীলা বানসালি তার বর্তমান সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ শেষ করার পরপরই এই বায়োপিকের কাজে পুরোপুরি মনোযোগ দেবেন। বর্তমানে মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পামস এলাকায় ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শেষ গানের দৃশ্যের শুটিং চলছে, যা আগস্টের শেষ নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। এই জায়গাটিই মধুবালার বায়োপিকের জন্য ব্যবহার করা হবে। আগস্টের শেষে শুটিং শেষ হওয়ার পর সেটটিকে নতুনভাবে সাজানো হবে। সিনেমার দৃশ্য ও সময়কাল অনুযায়ী প্রোডাকশন ডিজাইন দল সেট তৈরির কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে। সব পরিকল্পনা ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।






























