সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় টানা তিন দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বিশেষ করে আল আইনের আল সা’আ এলাকায় ভারী বর্ষণের ফলে বিভিন্ন রাস্তা ও নিচু এলাকায় পানি জমে যাওয়ার খবর পাওয়া গেছে। জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনসিএম) তথ্য অনুযায়ী, এই বৃষ্টির ধারা সোমবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সোমবার আবহাওয়া পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের দিকে পূর্বাঞ্চলে মেঘ জমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে ও মঙ্গলবার সকালে উপকূলীয় এলাকায় আর্দ্রতা বাড়তে পারে। এ সময় দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পূর্ব দিক থেকে ১০ থেকে ২৫ কিমি বেগে বাতাস বইতে পারে, যা মাঝে মাঝে ৩৫ কিমি পর্যন্ত বাড়তে পারে। আরব উপসাগর ও ওমান সাগরে সমুদ্র শান্ত থাকবে।
মঙ্গলবারও আবহাওয়া আংশিক মেঘলা থাকবে এবং দুপুরের দিকে পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে ও বুধবার সকালে উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায় আর্দ্রতা বৃদ্ধির পাশাপাশি কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ১০ থেকে ২৫ কিমি থাকবে, যা মেঘের উপস্থিতিতে ৪০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।
বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের দিকে পূর্ব ও দক্ষিণাঞ্চলসহ অভ্যন্তরীণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে ও বৃহস্পতিবার সকালে উপকূলীয় এলাকায় কুয়াশা হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ১৫ থেকে ৩০ কিমি থাকবে এবং মেঘের প্রভাবে তা ৪৫ কিমি পর্যন্ত বাড়তে পারে, যা ধূলিঝড় তৈরি করতে পারে। বৃহস্পতিবারও দুপুরের দিকে পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাতাসের গতিবেগ ১০ থেকে ২৫ কিমি থেকে বেড়ে ৪০ কিমি পর্যন্ত হতে পারে।
সোমবারের তাপমাত্রা পর্যালোচনায় দেখা যায়, আবুধাবিতে সর্বোচ্চ ৪৫° সেলসিয়াস ও সর্বনিম্ন ৩৩° সেলসিয়াস তাপমাত্রা থাকবে। দুবাইয়ে সর্বোচ্চ ৪৫° ও সর্বনিম্ন ৩৫° সেলসিয়াস, শারজায় সর্বোচ্চ ৪৬° ও সর্বনিম্ন ৩১° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হবে। এছাড়া আজমানে সর্বোচ্চ ৪৩° ও সর্বনিম্ন ৩১° সেলসিয়াস, উম্ম আল কুয়াইনে সর্বোচ্চ ৪৪° ও সর্বনিম্ন ৩১° সেলসিয়াস এবং রাস আল খাইমাহতে সর্বোচ্চ ৪৫° ও সর্বনিম্ন ৩২° সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। ফুজাইরাহতে সর্বোচ্চ ৪২° ও সর্বনিম্ন ৩৩° সেলসিয়াস এবং আল আইনে সর্বোচ্চ ৪৬° ও সর্বনিম্ন ৩৪° সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: গালফ টুডে






























